মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের আহ্বান দক্ষিণ কোরিয়ার

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব অঞ্চলটি ছাড়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

রবিবার (১৯ জুলাই) ইরান, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ১৭টি দেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ সতর্কতা জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে ওই অঞ্চলে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দেশটির বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, গত মার্চ থেকেই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া সেখানে অবস্থানরত স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের দ্রুত দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা এবং সৌদি আরবের আশপাশের নিরাপত্তা পরিস্থিতির কারণে লোহিত সাগরে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভারতও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নাগরিকদের ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দিয়েছে।

ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, বর্তমানে যেসব ভারতীয় নাগরিক ইরানে অবস্থান করছেন, তারা সম্ভব হলে বাণিজ্যিক ফ্লাইটে সাময়িকভাবে দেশটি ত্যাগ করার বিষয়টি বিবেচনা করুন।

একই সঙ্গে জর্ডানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে সংঘাত প্রশমনের উদ্যোগ নিলেও সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। গত সপ্তাহে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও গভীর হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত