ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর মুকুট উঠতে যাচ্ছে বলিউড তারকা ইয়ামি গৌতমের মাথায়। শুরুতে এমন কানে এলে বিশ্বাসই হয়নি তার। পরে বিষয়টির সত্যতা মেলার পর থেকেই অবিশ্বাস্য উচ্ছ্বাসে ভাসছেন তরুণ এই অভিনেত্রী।
যদিও নিজের সাবলীল অভিনয় ও ভিন্নধর্মী গল্পের অনন্য পরিবেশনা দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের মন জয় করে আসছেন ইয়ামি গৌতম। ২০২৪ সালের রাজনৈতিক-অ্যাকশন ধারার আলোচিত ও ব্যবসা সফল চলচ্চিত্র ‘আর্টিকেল ৩৭০’-এর ঝুলিতে এসেছে বড় জোড়া সাফল্য। সিনেমাটি ‘সেরা ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে পুরস্কৃত হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত পারফর্ম করে ‘সেরা অভিনেত্রী’র জাতীয় সম্মাননা অর্জন করেছেন ইয়ামি।
ছবিটি নির্মিত হয়েছে ইয়ামির স্বামী, বিখ্যাত পরিচালক ও প্রযোজক আদিত্য ধরের নিজস্ব ব্যানার থেকে। এমন ঐতিহাসিক প্রাপ্তিতে ভক্ত ও জুরি বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সামাজিকমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
‘প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে যা আপনাকে মনে করিয়ে দেয়— কেন আপনি কখনো হাল ছেড়ে দেননি। ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া এমন এক সম্মান, যা আমি সারাজীবন মনে রাখব। গত ১৪ বছর ধরে আমি শুধু নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং চেয়েছি অভিনয় যেন কথা বলে।’
তিনি আরও লেখেন, ‘এই সম্মানটি আশা, অধ্যবসায় এবং সিনেমার প্রতি আমার অটল ভালোবাসার এক চূড়ান্ত রূপ। এটি এমন একটি স্বপ্ন যা আমি বহু বছর ধরে হৃদয়ে বহন করে আসছি এবং অত্যন্ত কৃতজ্ঞতা ও নম্রতার সঙ্গে তা গ্রহণ করছি।’
ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন ধারাবাহিক ‘চাঁদ কে পার চলো’ এবং ‘ইয়ে প্যার না হোগা কাম’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন ইয়ামি। এ ছাড়া ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র বিজ্ঞাপন দিয়ে ঘরে ঘরে ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তার বড় পর্দায় অভিষেক ঘটে, যার জন্য তিনি পেয়েছিলেন জি সিনে পুরস্কারে সেরা নবাগত অভিনেত্রীর খেতাব।
বরবাদের পর আরেক চমক নিয়ে শাকিব
গ্যাসের চাপ কমতে পারে সারা দেশে, সতর্ক করল তিতাস
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী