ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জনগণের টানা কয়েকদিনের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুদ্ধে অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি।
সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২২ জুলাই) জানায়, প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে দায়িত্ব থেকে সরানোর কয়েকদিনের মধ্যেই সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্তের এ সিদ্ধান্ত এলো। ওই পদক্ষেপের পর দেশজুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন হাজারো মানুষ।
প্রথমে গুঞ্জন ছিল, ফেদোরভকে সরানোর পেছনে তার সঙ্গে সিরস্কির বিরোধের সম্পর্ক রয়েছে। পরে সেই ধারণাই সত্য বলে নিশ্চিত হয়। ৩৫ বছর বয়সী ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীতে পরিবর্তন এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের জন্য ব্যাপক প্রশংসা করা হয়।
এদিকে সেনাপ্রধান হিসেবে ওলেক্সান্দর সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৩ বছর বয়সী জনপ্রিয় ও যুদ্ধের অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি। ফেসবুকে দেওয়া এক পোস্টে দ্রাপাতি বলেন, আজ যারা আমাদের দেশ রক্ষা করছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি পূর্ণ মনোযোগ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।
তিনি ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে ধারাবাহিক ভূমিকার জন্য সিরস্কিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই বাহিনীতেই বড় হয়েছি।