জুলাইয়ের আদর্শে প্রবাসীদের সম্পৃক্ততায় গড়ে উঠুক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

জুলাইয়ের চেতনা কেবল একটি আন্দোলনের স্মৃতি নয় এটি গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই বার্তাই উঠে এসেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে আয়োজিত 'জুলাই' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রাঙ্কো বাংলা আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ফ্রান্সপ্রবাসী রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, লেখক, গবেষক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করতে হলে শুধু রাষ্ট্রীয় উদ্যোগই যথেষ্ট নয়, প্রবাসীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা আন্তর্জাতিক জনমত গঠন, সত্য তথ্য তুলে ধরা, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক কালের কণ্ঠ-এর ফ্রান্স প্রতিনিধি ও কলামিস্ট তানভীর আহমদ তোহা। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরো বার্তা-র সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

আলোচনায় বক্তারা বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্সযোদ্ধাই নন; তারা দেশের একেকজন অনানুষ্ঠানিক প্রতিনিধি। তাই সত্য, ন্যায় এবং মানবিকতার পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তচিন্তা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার বার্তা পৌঁছে দেওয়াও তাদের দায়িত্ব।

এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি রাবেয়া আক্তার সুবর্ণা বলেন, জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের নৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভবিষ্যতেও দেশের স্বার্থে সেই দায়িত্বশীল অবস্থান বজায় রাখতে হবে।

ইউরো বার্তা-র সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের ধারাবাহিক সংগ্রামের অংশ। এই চেতনাকে ধারণ করে দেশ-বিদেশের সব বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

আলোচনায় আরও অংশ নেন নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) সভাপতি এমডি নুর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মনোয়ার পাটোয়ারী, বাংলা টেলিগ্রাম-এর সম্পাদক শাহ সোহেল আহাম্মেদ, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, বাংলাভিশন ও দেশ রূপান্তর-এর প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, যুগান্তর-এর প্রতিনিধি সরদার হাসান ইলিয়াস তানিম, অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক খালিদ মাহমুদ, এনটিভির প্রতিনিধি আবুল কালাম মামুন, অনুক্ত সংবাদ-এর সম্পাদক অনুক্ত কামরুল, সাংবাদিক শাহ সাইফুল ইসলাম, ওয়াদুদ তানভীর, সায়েম জামিল, কাজী হাবিব এবং গবেষক একরামুল কবির সালমানসহ আরও অনেকে।

গোলটেবিল বৈঠকে বক্তারা একমত হন যে, দেশের কল্যাণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের আরও সংগঠিত, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশমাতৃকার প্রয়োজনে ঐক্যবদ্ধ প্রবাসী সমাজই হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের অন্যতম শক্তিশালী সহযাত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত