শাবিপ্রবিতে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, ক্যাম্পাসে নিষেধাজ্ঞা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

শাবিপ্রবিতে শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তারেক রহমান ও হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে তারা ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

সিদ্ধান্তের অংশ হিসেবে তারেক রহমানের শাহপরান হলের আবাসিক সিটও বাতিল করা হয়েছে। ভবিষ্যতে তিনি হলে আবাসিক সিটের জন্য আবেদন করার যোগ্যতাও হারিয়েছেন। এছাড়া উভয় শিক্ষার্থীকে ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহদফতর সম্পাদক তারেক রহমান। দুজনেই শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী।

উল্লেখ্য, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রবিবার তাদের দুজনকে দলীয় পদ থেকেও বহিষ্কার করে ছাত্রদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত