ত্রিশালে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে কাঁচাবাজারে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

বুধবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কাঁচাবাজারে মার্কেট নির্মাণের নামে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টা চলছে। এতে শতাধিক পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। তারা বলেন, কোনো উন্নয়ন কার্যক্রমের নামে গরিব ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা যাবে না।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘ত্রিশাল কাঁচা বাজারে অবৈধভাবে মার্কেট নির্মাণ মানবে না’, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা চলবে না’ এবং ‘গরিব নির্যাতনের উন্নয়ন মানি না, মানব না।’

বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত