ত্রিশাল

অনুমোদনহীন ভবন নির্মাণের দায়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় অনুমোদন ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে এক ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবনের নকশা অনুমোদন না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ত্রিশাল পৌর এলাকার মোদক পট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোদক পট্টি এলাকায় নিয়মনীতি উপেক্ষা করে একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছিল। সম্প্রতি নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ভেঙে দুই ব্যক্তি আহত হন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অভিযোগ ছিল। অবশেষে প্রশাসনের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের কোনো নকশার অনুমোদন ছাড়াই বহুতল বাণিজ্যিক ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এ অপরাধে ইমারত নির্মাণ আইন-সংক্রান্ত প্রযোজ্য ধারায় ভবনের মালিক প্রদীপ মোদককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে ত্রিশাল থানা পুলিশের একটি দল এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ, অনুমোদিত নকশা পরিবর্তন কিংবা আইন অমান্য করে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত