২০৩০ পর্যন্ত কোচ থাকতে ‘চুক্তিতে সই' স্কালোনির

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

২০২৬ বিশ্বকাপের জমজমাট লড়াই শেষে নিজের জন্মশহর সান্তা ফের পুজাতোতে একান্তে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হেড কোচ লিওনেল স্কালোনি। বিশ্বজয়ী এই মাস্টারমাইন্ডকে এক পলক দেখতে ও ভালোবাসা জানাতে প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় জমান হাজারো সমর্থক। তবে এত সব উদযাপনের ভিড়েও সবার নজর কেড়েছে এক ছোট্ট ভক্তের বুদ্ধিদীপ্ত ও আবেগভরা এক উদ্যোগ।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদন অনুযায়ী, ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক খুদে সমর্থক তার পরিবারকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিল স্কালোনির কাছে। পরে কোচের হাতে সে তুলে দেয় একটি প্রতীকী চুক্তিপত্র, যেখানে বড় করে লেখা ছিল ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। উদ্দেশ্য একটাই, আলবিসেলেস্তেদের ডাগআউটে কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিশ্চিত করা। ছোট্ট ভক্তের এমন আন্তরিক আবদারে বিন্দুমাত্র দ্বিধা করেননি বিশ্বজয়ী কোচ, হাসিমুখে তাতে সইও করে দেন তিনি।

তবে এখানেই শেষ নয়! চুক্তিপত্রে কোচের সই নেওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার উদ্দেশে এক মজার বার্তা ছুড়ে দেয় ছোট্ট ফ্রাঙ্কো। সেখানে সে বলে, ‘এখন আপনার পালা, চিকি!’ অর্থাৎ, স্কালোনিকে ২০৩০ পর্যন্ত আটকে রাখার আসল কাজটি এবার এএফএ সভাপতিকেই করতে হবে, এমনটাই ছিল শিশুটির সরল অভিব্যক্তি।

বিশ্লেষকদের মতে, খুদে ভক্তের এই প্রতীকী কাণ্ড আদতে বর্তমান সময়ের সবচেয়ে বড় এক উদ্বেগেরই প্রতিফলন। কারণ, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনির দেওয়া এক মন্তব্য আর্জেন্টাইন ফুটবলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। সে সময় তিনি বলেছিলেন, ডিসেম্বরের চুক্তি শেষ হলেই হয়তো তাকে বিদায় নিতে হতে পারে।

অবশ্য স্কালোনিকে সহজে ছাড়তে নারাজ এএফএ। কোচকে ডাগআউটে ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। সম্প্রতি এক আবেগঘন ভিডিওবার্তায় এএফএ প্রধান ক্লদিও স্কালোনিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘কে বলেছে লেখার মতো আর কোনো অধ্যায় বাকি নেই? এই জার্সি তোমার ওপর ভরসা করে আছে। আমরা যা অর্জন করেছি, একসঙ্গে ভাবো এর চেয়ে আরও কত বড় কিছু অর্জন করা সম্ভব।’ 

আপাতত নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি স্কালোনি। কোচিংসহ টিম ম্যানেজমেন্টকে সঙ্গে নিয়ে সামনে দুটি ফিফা আন্তর্জাতিক উইন্ডো পার করতে হবে তাকে, যার একটি উইন্ডোতে চারটি এবং অন্যটিতে দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এই ম্যাচগুলো খেলে পরিস্থিতি মূল্যায়ন করার পরই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বিশ্বজয়ী এই কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত