ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণ সভায় হট্টগোল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।
এসময় সদ্য ঘোষিত ছাত্রশক্তি ইবি শাখার কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসন ও প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যের উপস্থিতিতেই তারা এই হট্টগোল করে। হট্টগোলকারীদের সকলেই শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উক্ত সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানসহ এনসিপি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হট্টগোল করা ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্য সচিব বাঁধন বিশ্বাসের অভিযোগ, ইবি ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান পূর্বে ছাত্রলীগ করতো। জুলাইয়ের পরেও তিনি হল দখল করে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করে। পরে আমাদের বাঁধায় হল থেকে নামতে বাধ্য হন। ফুয়াদ জাহিদের কোরামের সঙ্গে রাজনীতি করায় পদ পেয়েছে। এছাড়া কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্তার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে তদন্ত কমিটিও হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে যেহেতু কমিটি দেওয়া হয়েছে কিন্তু সেখানে প্রকৃত আন্দোলনকারীদের রাখা হয়নি। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এই বিষয়ে জানার জন্য গিয়েছিলাম।
এবিষয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সভায় একটি অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়। তবে যারা ক্ষুব্ধ ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে এখানে যারা এসেছিলেন সবাই জুলাই আন্দোরনকারী। কমিটি নিয়ে অনেকের মাঝেই ক্ষুব্ধতা থাকে। আমরা তাদের কথা শুনেছি। এর প্রেক্ষিতে আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।