আফ্রিদির রেকর্ড ভাঙার কাছে গিয়ে থামলেন সূর্যবংশী

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

স্রেফ ১৫ বছর বয়সেই নতুন নতুন ইতিহাস লেখা যেন নিয়ম বানিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফিফটির রেকর্ড গড়ার রেশ কাটতে না কাটতেই এবার শহীদ আফ্রিদির তিন যুগের পুরোনো সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার একেবারেই কাছে পৌঁছে গিয়েছিলেন এই ভারতীয় বিস্ময়বালক। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দুই নতুন রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি।

ম্যাচে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন এই বাঁহাতি ওপেনার। ওয়েসলি মাধেভেরের বল লং অফে উড়িয়ে মারলেও ব্র্যাড ইভান্সের অবিশ্বাস্য এক ডাইভিং ক্যাচে থেমে যায় তার ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসটি। তার ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার।

ইনিংসে আর ১৯ রান যোগ করতে পারলেই ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বছর ২১৭ দিন বয়সে করা শহীদ আফ্রিদির সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে ফেলতেন ১৫ বছর ১২১ দিন বয়সী সূর্যবংশী। তবে সেই রেকর্ড ভাঙার জন্য তার সামনে এখনও প্রায় এক বছর সময় খোলা রয়েছে।

সেঞ্চুরি হাতছাড়া হলেও এই ইনিংসে জোড়া রেকর্ড ঠিকই নিজের করে নিয়েছেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে ৮০ রানের গণ্ডি পার করার ইতিহাস আর কারও নেই। পাশাপাশি, বয়স ষোলো ছোঁয়ার আগেই একাধিক আন্তর্জাতিক ফিফটি হাঁকানোর বিরল কীর্তিও এখন কেবল তারই দখলে। তিন দিন আগেই নেপালের কুশল মাল্লার রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফিফটি করার বিশ্বকীর্তি গড়েছিলেন সূর্যবংশী।

প্রথম দুই ম্যাচেই সিরিজ নিশ্চিত করা ভারত শেষ ম্যাচেও ধরে রেখেছেন নিজেদের দাপট। সূর্যবংশীর এই মারমুখী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৭ উইকেটে ১৫৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। এতে ৩৫ রানে ম্যাচ জিতে সিরিজটাও ৩-০ ব্যবধানে জিতল সফরকারীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত