ড্রেসিংরুমে সতীর্থদের গালিগালাজ! আবার বিতর্কে নেইমার

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ফিরে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তারকা ফুটবলার নেইমার। শাপেকোয়েন্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধের বিরতিতে ড্রেসিংরুমে সতীর্থদের গালাগাল ও তীব্র সমালোচনা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে-র প্রতিবেদন অনুযায়ী, ১০ নম্বর জার্সিধারী নেইমার প্রথমার্ধের খেলা শেষে ড্রেসিংরুমে ফিরে মেজাজ হারান। তিনি মিডফিল্ডার গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে গালিগালাজ করেন এবং আত্মঘাতী গোল করা ডিফেন্ডার জোয়াও আনানিয়াসকে কঠোর ভাষায় আক্রমণ করেন। উপস্থিত খেলোয়াড় ও কোচিং স্টাফদের মতে, নেইমারের এই আচরণ একটি স্বাভাবিক ফুটবল ড্রেসিংরুমের সীমানা ছাড়িয়ে গিয়েছিল।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরকে সম্পূর্ণ 'মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। এক বার্তায় তিনি বলেন,

"এটি সম্পূর্ণ মিথ্যা কথা। যে বা যারা এটি ছড়িয়েছে, দয়া করে এমন মিথ্যা বলবেন না। ড্রেসিংরুমে যা হয়েছিল তা দলগত আলোচনা। আমরা প্রতিযোগিতা জেতার জন্য নিজেদের ওপর চাপ সৃষ্টি করতেই পারি, কিন্তু তরুণ খেলোয়াড়দের অপমান করার খবরটি সত্য নয়। এই ধরনের অপপ্রচার আমি মেনে নেব না।"

অন্যদিকে, মিডফিল্ডার বোন্তেম্পো এবং ডিফেন্ডার আনানিয়াসও পৃথক বার্তায় জানান যে ড্রেসিংরুমে দলগত আলোচনা হয়েছিল, কিন্তু ব্যক্তিগত কোনো গালিগালাজের ঘটনা ঘটেনি।

ধারাবাহিক বিতর্কের ছায়া

এর আগেও তরুণ খেলোয়াড়দের সাথে নেইমারের খারাপ আচরণের খবর সংবাদমাধ্যমে এসেছে। এর আগে চেলসিতে যোগ দেওয়া তরুণ ডেইভিড ওয়াশিংটনকে প্রবীণ এই তারকার সমালোচনার মুখে পড়ে কেঁদে ফেলতে দেখা গিয়েছিল। এছাড়া গত বছর অনুশীলনে রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনায় নেইমারকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হয়েছিল।

সান্তোসের সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে নেইমারের। পরবর্তী ম্যাচে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ঘটনাটির সত্যতা যাচাই করতে সান্তোস কর্তৃপক্ষ অভ্যন্তরীণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত