বিশ্বকাপ সমালোচকদের উল্টো সমালোচনা ইনফান্তিনোর

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর টুর্নামেন্ট নিয়ে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর দাবি, সমালোচকরা কেবল ঘৃণা ও মিথ্যা তথ্য ছড়িয়েছেন এবং বিশ্বমঞ্চের আসল আনন্দ, ঐক্য ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেছেন।
 

আজ (২৭ জুলাই) প্রকাশিত এক খোলা চিঠিতে ৫৬ বছর বয়সী এই ফিফা প্রধান বিশ্বকাপ আয়োজনের সাফল্য, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক ভাবমূর্তির পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্ব আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

চিঠিতে ইনফান্তিনো সমালোচকদের উদ্দেশে লেখেন, "আপনারা ঘৃণা ও সমালোচনায় এতটাই মত্ত ছিলেন যে পুরো বিষয়টির সৌন্দর্য দেখতেই পাননি। যারা কলম, কাগজ বা স্ক্রিনের পেছনে বসে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে বলছি—আপনারা পেছনে বসে আছেন, আর আমরা ফিফাতে সামনে থেকে কঠোর পরিশ্রম করে বিশ্বের সেরা আয়োজন উপহার দিচ্ছি। পুরো টুর্নামেন্টে কোনো সহিংসতা বা অপ্রীতিঅর ঘটনা ঘটেনি; ছিল ১০০% নিরাপত্তা, শুধুই আনন্দ ও উচ্ছ্বাস!"

 

বিশ্বকাপ চলাকালে ফিফাকে একাধিক ইস্যু নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল:

  • ভিসা নিষেধাজ্ঞা ও ভ্রমণ জটিলতা: মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে বিভিন্ন দেশের সমর্থক ও কর্মকর্তা ভোগান্তিতে পড়েন। এমনকি বৈধ ভিসা থাকা সত্ত্বেও সোমালি রেফারি ওমর আব্দুলকাদির আর্টানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

  • ট্রাম্পের হস্তক্ষেপ ও ডিসিপ্লিনারি বিতর্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে আমেরিকান স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার বিষয়ে ফিফার সিদ্ধান্ত বিশ্বজুড়ে ব্যাপক পর্যালোচনার মুখে পড়ে।

  • রেফারিং সিদ্ধান্ত: আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের কিছু বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়েও ফুটবল বিশ্বে চর্চা হয়।

নির্দিষ্ট কোনো ঘটনার নাম উল্লেখ না করলেও ইনফান্তিনো দাবি করেন, রেফারিং বা কার্ডের ভুল সিদ্ধান্ত এবং পরবর্তীতে খেলোয়াড়দের নিষিদ্ধ না করার বিষয়টি বিশ্বের শীর্ষ ঘরোয়া লিগগুলোতে অহরহ ঘটে থাকে এবং তা সবাই মেনেও নেয়। যে দেশগুলো ঘরোয়া ফুটবলে এগুলো স্বাভাবিকভাবে নেয়, তারাই বিশ্বমঞ্চে তা নিয়ে সমালোচনা করছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ভিসা সংক্রান্ত প্রশ্নের জবাবে ইনফান্তিনো তুলে ধরেন কীভাবে ফুটবল রাজনৈতিক ও সামাজিক সংকট কাটিয়ে বিভিন্ন দেশকে এক সুতোয় বেঁধেছে। রাজনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের অবলীলায় অংশগ্রহণ এবং কঙ্গো বা হাইতির মতো সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আসা দলগুলোর বিশ্বকাপে খেলাকে তিনি ফুটবলের ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

তাঁর ভাষায়, "ইরান কোনো ঝামেলা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, কারণ ফুটবল শান্তির কথা বলে—রাজনীতির কথা নয়। এখন হয়তো আপনাদের কলম ও কিবোর্ড সরিয়ে রেখে মাঠে নেমে লড়াই করা দলগুলোকে কিছুটা সম্মান জানানোর সময় এসেছে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত