উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেপ্তার ৬

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রবিবার (২৬ জুলাই) রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন ও বিএনপি কর্মী আব্দুল মোমিন।  

উল্লেখ্য, আজাদ হোসেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ওই একই দিনে মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। এসব মামলায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ রবিবার (২৬ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করে।  

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল জানান, মারপিট ও চাঁদাবাজির দুটি মামলায় আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত