দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপর ১২টার দিকে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. লাভলু হোসেন মানিক (৪০), মো. ওমর ফারুক সরকার (৪৩), মো. হাসান আলী (৫৮)।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টায় পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকার করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ও সরকারি বৈধ লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে মো. লাভলু হোসেন মানিক (৪০) নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাভলু হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুরের উত্তর শালন্দার সরদারপাড়া (নয়া পাড়া) এলাকার মো. ওমর ফারুক সরকার (৪৩) এবং দারাড়পাড় জাহানাবাদ এলাকার মো. হাসান আলীকে (৫৮) তাদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে, কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতর থেকে ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের মূল্য ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে এসব পণ্য সংগ্রহ করে অনুমোদন ও সরকারি বৈধ লাইসেন্স ছাড়াই অধিক মুনাফার আশায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইলের চার্জার নিয়ে ঝগড়া, ছেলের আঘাতে বাবা মৃত্যু