জামায়াত-এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: প্রিন্স

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শালীনতা ও রাজনৈতিক সংস্কৃতি বিসর্জন দিয়ে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও মিথ্যাচারের আশ্রয় নেওয়া দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ। বিরোধী দল তথা জামায়াত-এনসিপি জোট নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হোটেল ইমেক্স মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। জনগণ তথ্যভিত্তিক, ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। একইভাবে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের আস্থা নষ্ট করার অপচেষ্টা কখনো সফল হবে না।

তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উস্কানিমূলক বক্তব্য, ব্যক্তিগত কটাক্ষ ও অসত্য প্রচার থেকে বিরত থেকে তথ্য, যুক্তি ও রাজনৈতিক শালীনতার ভিত্তিতে বক্তব্য প্রদান করুন। গণতন্ত্রে মতের প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা অবশ্যই হতে হবে শালীন, দায়িত্বশীল ও জনগণের কল্যাণমুখী।

সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্প্রতি হালুয়াঘাটে এনসিপির সমাবেশে দলের নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী। তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হালূয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আব্দুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, মিজানুর রহমান, চেয়ারম্যান শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা অধ্যাপক আশরাফ হোসেন, খালিদ ইকবাল নিটোল, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন, সামসুল আলম সামস, সিদ্দিক মোল্লা, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু, জেলা যুবদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাইমুর আরেফিন পাপন, আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, তাঁতী দলের সাধারণ সম্পাদক আলী আজগর, মৎস্যজীবী দলের সভাপতি শেখ সাদির, যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত