আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ছুটি কাটাতে গিয়ে বিপদে পড়েছিলেন। গ্রামীণ কাদারাস্তায় নিজের ট্রাক নিয়ে আটকে যাওয়ার পর স্থানীয় প্রতিবেশীদের সাহায্যে উদ্ধার পান তিনি। বদলে সাহায্যকারীদের উপহার দিয়ে এক চিরস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এই তারকা।
ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার সিয়েরা দে লোস পাদ্রেসের একটি গ্রামীণ সড়কে। সম্প্রতি সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। মার্তিনেজ মূলত কাদা রাস্তায় আটকে যাওয়া তাঁর এক বন্ধুর গাড়ি উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু সাহায্য করতে গিয়ে নিজের ট্রাকটি নিয়ে তিনিও কাদার মধ্যে আটকে পড়েন।
ঠিক সে সময় সেই পথ দিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন লিওনার্দো আলবাররাসিন ও তাঁর ছেলে রামিরো। তারা দূর থেকেই কাদায় দুটি ট্রাক এবং একজন সুউচ্চ তারকাকে দেখতে পান। রামিরোই প্রথম দিবু মার্তিনেজকে চিনে ফেলে। এরপরই তারা সাহায্য করতে এগিয়ে যান।
মার্তিনেজ তাদের জানান, ট্রাক দুটির দড়ি আটকে যাওয়ায় তারা বাঁধন খুলতে পারছেন না। সাহায্যকারীদের কাছে কোনো ছুরি আছে কি না তা জানতে চান তিনি। লিওনার্দো দ্রুত তাঁর পকেটছুরি দিয়ে কাদায় নেমে দড়ির জট ছাড়াতে সাহায্য করেন।
উদ্ধার অভিযানটি চলে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে। স্থানীয় পরিবারটি বেলচা ও বাড়তি দড়ি নিয়ে আসে এবং আরও কিছু মানুষকে ডেকে আনে। পরবর্তীতে মার্তিনেজ নিজেও তাঁর নিজের ফার্মহাউস থেকে একটি ছোট ট্র্যাক্টর নিয়ে আসেন, যার সাহায্যে অবশেষে দুটি ট্রাকই কাদা থেকে বের করা সম্ভব হয়।
সংকট কাটার পর বিশ্বজয়ী এই গোলরক্ষক মন খুলে সবাইকে ধন্যবাদ জানান। তিনি রসিকতা ও আন্তরিকতার সঙ্গে জানান, তারা তাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন।
উপকারকারী লিওনার্দো আলবাররাসিন সঙ্গে করে জাতীয় দলের একটি জার্সিসহ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে মার্তিনেজের সেই ঐতিহাসিক সেভের একটি পোস্টার এনেছিলেন অটোগ্রাফের আশায়। কিন্তু মার্তিনেজ অটোগ্রাফেই সীমাবদ্ধ থাকেননি; তিনি গাড়ি থেকে নামার পর গায়ে থাকা আর্জেন্টিনার অফিসিয়াল জ্যাকেটটি খুলে উপহার হিসেবে লিওনার্দোর হাতে তুলে দেন। আবেগাপ্লুত লিওনার্দো জানান, প্রিয় তারকার এমন সাধারণ ও নম্র ব্যবহারে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি।
