নিজের ভাষ্কর্য দেখে চমকে গেলেন নেইমার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ এএম

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোস তাদের ঐতিহাসিক হোম ভেন্যু ভিলা বেলমিরোর 'মেমোরিয়াল দাস কনকুইস্তাস'-এ সাবেক ফরোয়ার্ড নেইমারের একটি স্মারক ভাস্কর্য (বক্ষ মূর্তি) উন্মোচন করেছে। ক্লাবে তার অসামান্য অবদান এবং ব্রাজিল জাতীয় দলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে অসাধারণ পারফরম্যান্সকে অমর করে রাখতেই এই উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সান্তোসের দেওয়া এই বিরল সম্মাননায় গভীরভাবে আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন নেইমার।

ভাস্কর্য উন্মোচনের পর নেইমার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক বার্তা পোস্ট করেন। তিনি লেখেন:

"আজ সত্যিই চমকে গেলাম… নিজের স্বপ্নের ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়া এক চমৎকার অনুভূতি। সান্তোস ফুটবল ক্লাবের ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য পরম আনন্দের ও সম্মানের!

প্রথমত ঈশ্বরকে ধন্যবাদ, ধন্যবাদ আমার পরিবারকে এবং পুরো সান্তোস ভক্তদের—যারা সান্তোসের অ্যাকাডেমিতে আমার প্রথম দিনটি থেকে শুরু করে আজ পর্যন্ত আমার পাশে ছিলেন। আমরা বহু রোমাঞ্চকর ও চিরস্মরণীয় মুহূর্ত একসাথে কাটিয়েছি… আবার কিছু খারাপ মুহূর্তও এসেছে, তবে আপনারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন।

নেইমারের ভাষ্কর্য

আমি আসলে এমন একজন সমর্থক, যে মাঠের ভেতরে ঢুকে প্রতিনিয়ত লড়াই করছে, যুদ্ধ করছে এবং নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছে। আমি অসংখ্যবার ভুল করেছি, হয়তো ভবিষ্যতেও করব (আশা করি করব না), কিন্তু সবসময় চেয়েছি পেইশাওয়ের (সান্তোস ক্লাবের ডাকনাম) সেরাটা যেন হয়। ধন্যবাদ সান্তোস পরিবার, সবকিছুর জন্য ভালোবাসা"

ভাস্কর্যের ফলকে অর্জনের ইতিহাস

উন্মোচিত ভাস্কর্যের বেদিতে সান্তোসের হয়ে নেইমারের জেতা প্রধান প্রধান ট্রফিগুলোর কথা উল্লেখ করা হয়েছে:

পলিস্তা চ্যাম্পিয়নশিপ: ২০১০, ২০১১ এবং ২০১২

কোপা দো ব্রাজিল: ২০১০

 কোপা লিবার্তাদোরেস: ২০১১

সান্তোসের মিউজিয়ামে নেইমার

এছাড়াও জাতীয় দলে তার সফল ক্যারিয়ারের কথা স্মরণ করে এই সম্মাননা প্রদান করা হয়। সান্তোসের হয়ে নেইমার এখন পর্যন্ত ২৭৭টি ম্যাচে ১৫৮টি গোল করেছেন এবং ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে নবম স্থানে অবস্থান করছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত