পাকিস্তানে তুষারধস, কিংবদন্তি পর্বতারোহীসহ ১০ আরোহী নিখোঁজ

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

পাকিস্তানশাসিত গিলগিট-বালতিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাসহ (নিমস দাই) ১০ আরোহী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে ৮ হাজার ৪৭ মিটার উঁচু এই পর্বতে তুষারধসের ঘটনা ঘটে। সূত্র বিবিসি। 

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অভিযানে সহায়তার জন্য পাকিস্তান সেনাবাহিনী দুটি হেলিকপ্টার মোতায়েন করেছে।

অভিযানকারী দলে ছিলেন নেপালে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক ও সাবেক রয়্যাল মেরিন নির্মল পূর্জা। তার নেতৃত্বাধীন দলে আরও ছিলেন একজন মার্কিন নাগরিক, একজন পাকিস্তানি, একজন চীনা, একজন ওমানি এবং ছয়জন নেপালি পর্বতারোহী।

পুলিশ জানিয়েছে, তুষারধসের পর এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। অন্যদিকে নেপালের সংবাদমাধ্যম কান্তিপুর জানিয়েছে, অন্তত দুটি মরদেহ উদ্ধার হয়েছে। এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।

তুষারধসের পর থেকে নির্মল পূর্জার দলের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের পর্যটন বিভাগের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “এটি নজিরবিহীন একটি ঘটনা। তবে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, তাই এখনও সামান্য হলেও আশা রয়েছে।”

মার্কিন নারী পর্বতারোহী ম্যালোরি গেইসের এটি ছিল প্রথম ৮ হাজার মিটার উচ্চতার পর্বত অভিযানের চেষ্টা। আর পাকিস্তানি পর্বতারোহী সোহাইল সাকির জন্য এটি ছিল পাকিস্তানে তার শেষ অভিযান বলে জানিয়েছে তাদের ভ্রমণ প্রতিষ্ঠান।

কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। ১৯৫৭ সালে প্রথম সফল আরোহনের পর থেকে অসংখ্য পর্বতারোহী এ শৃঙ্গে আরোহণের চেষ্টা করেছেন। তবে এ পথে প্রাণ হারিয়েছেন বহু আরোহী।

নির্মল পূর্জা ২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েন। এই কীর্তির মাধ্যমে তিনি আধুনিক পর্বতারোহণ জগতের অন্যতম পরিচিত মুখে পরিণত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত