ভিনির নতুন চুক্তির শর্ত বদলাবে না রিয়াল, দল ছাড়লেও নেই আপত্তি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

নতুন চুক্তির শর্ত নিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যকার চলমান দ্বন্দ্ব এবার চূড়ান্ত রূপ নিতে চলেছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-কে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চুক্তি নবায়ন করা বা না করা, এই সম্পূর্ণ বিষয়টি এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি ভিনিসিয়ুস ক্লাব ছেড়ে যেতে চাইলেও তাতে আপত্তি নেই লস ব্লাঙ্কোসদের।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভিনিসিয়ুসের প্রতিনিধিদের রিয়াল ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের দেওয়া সর্বশেষ প্রস্তাবটিই চূড়ান্ত এবং নতুন করে আর কোনো আলোচনা বা দরকষাকষিতে বসবে না ক্লাবটি। ভিনির এই দোদুল্যমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি আর্সেনাল।

গানার্সদের বিশ্বাস, ব্রাজিলিয়ান তারকা রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে নিজেদের শিবিরে ভেড়াতে তারা দারুণ এক সুবিধাজনক অবস্থানে থাকবে। যদিও ভিনির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে লন্ডন ক্লাবটির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তবে ইএসপিএন আগেই জানিয়েছিল, আর্থিক সামর্থ্য ও চুক্তির সম্ভাব্যতা নিয়ে গোপনে বড় ছক কষছে ইংলিশ ক্লাবটি।

আনচেলত্তির বিদায় এবং আলোনসোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে ভিনির সঙ্গে রিয়ালের দূরত্বের শুরু। মৌসুমের শুরুতে তিন ম্যাচ বেঞ্চে থাকা, এল ক্লাসিকোয় বদলি হয়ে সরাসরি টানেলে যাওয়া এবং ঘরের মাঠে দর্শকদের দুয়ো শোনার মতো ঘটনা এই দূরত্ব বাড়িয়েছে।

এদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনের তথ্যমতে, বেতনের অঙ্ক নিয়ে নেই কোনো বিরোধ। ক্লাবের ২ কোটি ইউরো সর্বোচ্চ সীমার কাছাকাছি ব্যক্তিগত বোনাসসহ ভিনি পান ১ কোটি ৮৫ লাখ ইউরো। মূল বিরোধ পাঁচ বছরের চুক্তির সাইনিং বোনাস নিয়ে। নরওয়ের কাছে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের তিন সপ্তাহ পর রিয়াল যে প্রস্তাব দেয়, তা ভিনির চাহিদার চেয়ে কম। রিয়ালের যুক্তি, ফ্রি-ট্রান্সফারে আসা এমবাপ্পেদের চেয়ে অন্য কারোর বোনাস বেশি হতে পারে না; অন্যদিকে ভিনির দাবি, তার বিকল্প খুঁজতে রিয়ালের যে খরচ হতো, সে তুলনায় তাদের (ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের) চাওয়া অঙ্কটি যৌক্তিক ও কম।

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে আগামী সোমবারই ভালেরবেবাসে রিয়ালের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ২৬ বছর বয়সী এই তারকার। বর্তমান চুক্তির মেয়াদ মাত্র এক বছর বাকি থাকায় মাদ্রিদের শীর্ষ কর্তাদের সঙ্গে তার প্রতিনিধিদের আনুষ্ঠানিক বৈঠকের দিনক্ষণ নিয়ে এই গুঞ্জন এখন তুঙ্গে।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছেন ভিনিসিয়ুস। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি'অরের রানার্সআপ হয়েছেন তিনি। তবে গত মৌসুমে সাবেক কোচ আলোনসোর অধীনে সময়টা সুখের না যাওয়া এবং রিয়াল টানা দুই মৌসুম কোনো বড় ট্রফি জিততে না পারায় স্কোয়াডে বড় পরিবর্তনের হাওয়া লেগেছে।

দলবদলের বাজারেও বেশ মরিয়া হয়ে উঠেছে ক্লাবটি; চলতি সপ্তাহেই ফরোয়ার্ড কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে তারা এবং ম্যানচেস্টার সিটি থেকে মিডফিল্ডার রদ্রিকে ভেড়ানোর ব্যাপারেও বেশ আশাবাদী রিয়াল ম্যানেজমেন্ট।

মাঠের লড়াইয়ের প্রস্তুতিও চলছে সমানতালে। আলকোরকন ও লেগানেসের বিপক্ষে ট্রেনিং ম্যাচ খেলার পর, অস্ট্রিয়ায় ফিওরেন্তিনার বিপক্ষে নিজেদের প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই স্কোয়াডে দলটির নতুন গ্রীষ্মের সাইনিং ডেনজেল ডামফ্রিস ও এসপি এই দুজনকেই অন্তর্ভক্ত করা হয়েছে।


 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত