হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা 

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশজুড়ে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট-ব্যবস্থা ছড়িয়ে দিতে হবিগঞ্জে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক। বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, ব্যাংকার, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপদ, নির্বিঘ্ন ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট প্রসারে ‘বাংলা কিউআর’ কীভাবে ভূমিকা রাখবে, তা নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ শফিকুল ইসলাম এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের রিজিওনাল হেড রেজাউর রহমান এবং কি-নোট প্রেজেন্টেশন দেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির। 

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ‘বাংলা কিউআর’ গ্রাহক ও বিক্রেতাদের জন্য সহজ ও সমন্বিত পেমেন্ট সুবিধা নিশ্চিত করে ক্যাশলেস অর্থনীতি গঠনে বড় ভূমিকা রাখবে। বক্তারা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যবসায়ীদের নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে এই প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। আলোচনায় আরও উঠে আসে যে, বাংলা কিউআর-এর ব্যাপক ব্যবহার নগদ টাকার ওপর নির্ভরতা কমাবে, বিক্রেতাদের জন্য পেমেন্ট গ্রহণ সহজ করবে, লেনদেনে স্বচ্ছতা আনবে এবং ব্যবসার হিসাব-নিকাশ আরও সহজ করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে এটি ব্যাপকভাবে সহায়তা করবে। 

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি কর্তৃক স্থানীয় উদ্যোক্তাদের মাঝে বাংলা কিউআর স্ট্যান্ডি ও স্টিকার বিতরণ, যা ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও উৎসাহিত করবে। উপস্থিত অংশীজনরা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন। আয়োজনে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্ব পালন বাংলাদেশ ব্যাংকের এই লক্ষ্যকে এগিয়ে নেওয়ার বিষয়ে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকটি বাংলা কিউআর-এর গ্রহণযোগ্যতা বাড়ানো, নতুন মার্চেন্ট যুক্ত করা, জনসচেতনতা তৈরি এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত