জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণে সাহিত্যচর্চার আহ্বান

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগ আইসিএস পাবলিকেশনস জুলাই আন্দোলনভিত্তিক আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছে। 

শনিবার (১ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে আন্ডারমাইন করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। একই সঙ্গে গবেষণা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে এই আন্দোলনের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা বিভাজনমূলক এবং এটি দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শহীদদের স্মরণ করে বলেন, গবেষণা ও সাহিত্যচর্চার মাধ্যমে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ জরুরি। তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে গণতান্ত্রিক আন্দোলনের ইঙ্গিতও দেন।

অনুষ্ঠানে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’সহ মোট আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, কবি সোলায়মান আহসান, লেখক জুয়ায়ের হুসাইন এবং জুলাই শহীদ নাসির হাসান রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাক প্রমুখ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত