সালাউদ্দিনের মৃত্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

গাইবান্ধার সাঘাটায় নিহত সালাউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অতি দরিদ্র পরিবারের সন্তান সালাউদ্দিন একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দখলের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

তিনি লেখেন, গাইবান্ধার সাঘাটার অতি-দরিদ্র পরিবারের সন্তান সালাউদ্দিন আমাদের মাঝ থেকে বিদায় নিল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দখলদারির প্রতিবাদ করতে গিয়ে তার জীবনপ্রদীপই নিভে গেল।

জামায়াত আমির অভিযোগ করেন, সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, যারা তার জীবন কেড়ে নিয়েছে, তারা কোনোভাবেই তার শোকাহত পরিবারকে সেই ক্ষতি পূরণ করে দিতে পারবে না।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় জড়িত সব দুষ্কৃতকারীকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান নিহত সালাউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, রহম করেন এবং শহীদ হিসেবে কবুল করেন। একই সঙ্গে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

পোস্টের শেষাংশে তিনি দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এ ঘটনার প্রতিকার হবে বলেও মন্তব্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত