নিজের পছন্দের অ্যাথলেটের দেখা পাওয়া কিংবা তার স্বহস্তে স্বাক্ষর করা স্মারক পাওয়া যেকোনো ভক্তের কাছেই পরম সৌভাগ্যের। আর সেই সৌভাগ্য যদি মিলে নিজ বাবা ক্রিকেট দুনিয়ার অন্যতম কিংবদন্তি ও কোচ রবি শাস্ত্রীর কল্যাণে, তবে সেই গল্পটা আরও বেশি রোমাঞ্চকর।
সম্প্রতি দ্য হান্ড্রেড টুর্নামেন্টের মাঠে বর্তমান সময়ের ফুটবল সেনসেশন জুড বেলিংহ্যামের দেখা পাওয়ার পর এমনই এক দারুণ অভিজ্ঞতা কথা শোনালেন টুর্নামেন্টটির ধারাভাষ্যকার শাস্ত্রী। মেয়ের বায়না মেটাতে খোদ রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড তারকার অটোগ্রাফ সংগ্রহ করে তবেই ঘরে ফেরার স্বস্তি পেয়েছেন তিনি।
শনিবার দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়। বার্মিংহাম ফিনিক্সের সহ-মালিক ও ফুটবল সেনসেশন বেলিংহ্যাম খেলা দেখতে উপস্থিত হলে গ্যালারি ও মাঠে পড়ে যায় হুলস্থূল। সম্প্রতি দেশের হয়ে দারুণ এক বিশ্বকাপ কাটিয়ে আসা এই তরুণ তারকা টসের সময় মাঠে উপস্থিত হন। আর তাকে পরিচয় করিয়ে দেন শাস্ত্রী।
২২ গজের মাঠে টসের সময় শাস্ত্রীর গমগমে কন্ঠের পরিচিত পর্বে ক্রিকেট দুনিয়ার বেশ পরিচিত। তবে সাধারণত সেসব হয় দলের অধিনায়কদের জন্য। তবে বেলিংহ্যামকে পরিচয় করিয়ে দিতেও একই ভঙ্গি শাস্ত্রীর। সেই চেনা সুরে তিনি তখন বলেন, ‘আমাদের ঘরের ছেলে, বার্মিংহামের সুপারস্টার, গ্যালাকটিকো। দারুণ এক বিশ্বকাপ কাটিয়ে আসা বার্মিংহাম ফিনিক্সের অন্যতম স্বত্বাধিকারী, তিনি জুড বেলিংহ্যাম। এখন জুড টসের জন্য মুদ্রা তুলে দেবেন।’
ম্যাচ শেষে বেলিংহ্যামের কাছ থেকে একটি সই করা ক্যাপ সংগ্রহ করেন শাস্ত্রী। পরে সেটি নিয়ে মজা করে সাবেক এই ভারত কোচ বলেন, ‘এই অটোগ্রামটি আমার মেয়ের জন্য। আমি যদি এটি নিয়ে বাড়ি না ফিরতাম, তবে সে আমাকে ঘরেই ঢুকতে দিত না!’
সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ এই ইংলিশ তারকার প্রশংসায় মাতেন শাস্ত্রী। নিজের এক্স অ্যাকাউন্ট তিনি লিখেন, ‘হান্ড্রেডের টসে বার্মিংহামের নিজস্ব গ্যালাকটিকোকে (বেলিংহাম) পাওয়া দারুণ অভিজ্ঞতা। কী দুর্দান্ত খেলোয়াড়! তার আগামী মৌসুমের জন্য শুভকামনা।’
মাঠের ক্রিকেটের লড়াইয়ে অবশ্য বার্মিংহাম ফিনিক্সের জন্য দিনটি সুখের ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০বলে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জো ক্লার্ক। জবাবে ফিল সল্টের ৪৬ এবং ইংলিশদের টেস্ট অধিনায়ক জো রুটের অনবদ্য অপরাজিত ৫৮ রানের সুবাদে চার বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েলশ ফায়ার।
