দৈনিক দেশ রূপান্তরসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের মাধবপুরে পরিবেশ দূষণের অভিযোগে দুই শিল্পপ্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক, হবিগঞ্জের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) যথাযথভাবে ব্যবহার না করে বর্জ্য নিষ্কাশনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে, বয়লারের পানি কন্ডেন্সার ছাড়া নিষ্কাশনের অভিযোগে বিএইচএল পেপার মিলসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
