চা বাগানে পূজার আনন্দে শ্রমিকদের পাশে এমপি ফয়সল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজার আনন্দ ভাগাভাগি করতে চা শ্রমিকসহ সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তারা চা বাগানসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে শিল্পপ্রতিষ্ঠান সায়হাম নিজস্ব তহবিল থেকে চা বাগানসহ ২০৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে। দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক বজায় রেখে চা শ্রমিকদের পূজার আনন্দে অংশীদার করতেই এ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়িও বিতরণ করা হয়েছে।

গত কয়েকদিন ধরে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে পূজা উপলক্ষে বিভিন্ন সভা, শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তার ও পরিবারের সার্বিক সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

চা শ্রমিক নেতা দীপক কর্মকার বলেন, চা বাগানের শ্রমিকেরা প্রতিবছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করেন। এ বছর সরকারি অনুদানের পাশাপাশি সায়হাম কোম্পানি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দিয়েছে। এতে শ্রমিকদের আনন্দ আরও বেড়েছে। এখন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পূজার উৎসব চলছে।

তেলিয়াপাড়া চা বাগানের হেমন্ত পান বলেন, পূজা উপলক্ষে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও তার ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

তারা বাগানে এসে শ্রমিকদের খোঁজখবর নিচ্ছেন। কারও কোনো সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করছেন। এ বছর আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত