ভারত থেকে এলো কাঁচা মরিচ, বাজারে দাম কমার প্রত্যাশা

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ হাজার ২০০ কেজি কাঁচা মরিচ দেশে এসেছে।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে কাঁচা মরিচের চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাতেই চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

আমদানি করা এই চালানের আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ। বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রমে সহযোগিতা করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।

আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার খরচ হয়েছে প্রায় ১৩৫ টাকা। কম লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। আমদানি বাড়লে বাজারে মরিচের দাম কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, কাস্টমসের জটিলতা ও পণ্য ছাড়করণে নানা সমস্যার কারণে অতিরিক্ত খরচ হচ্ছে। এতে আমদানিকারকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে এবং বাজারে সরবরাহ খরচ বাড়ছে।

দেশে টানা ভারী বর্ষণের কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যায় এবং অস্বাভাবিকভাবে দাম বেড়ে যায়। একপর্যায়ে দেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের অনুমতির পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে।

এদিকে বেনাপোল বন্দরের কাঁচাবাজারে সোমবার প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

আমদানি সংক্রান্ত নথি অনুযায়ী, প্রতি টন কাঁচা মরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক দিতে হচ্ছে। তবে পরিবহন, বন্দর, কাস্টমস ও খালাসসহ অন্যান্য খরচ যোগ হওয়ায় প্রকৃত ব্যয় আরও বাড়ছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন জানান, কাঁচা মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে অপেক্ষায় রয়েছে, যা মঙ্গলবার বেনাপোল বন্দরে প্রবেশ করার কথা রয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত