উচ্চ আদালতের আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চুয়াডাঙ্গায় এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, নিজেকে উচ্চ আদালতের আইনজীবী পরিচয় দেওয়া সাগর আহম্মেদ ও তার সহযোগী মকবুল হোসেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের মিঠামইন এলাকার সাগর আহম্মেদ নিজেকে উচ্চ আদালতের আইনজীবী পরিচয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলেন।
সম্প্রতি তিনি একই পরিচয় ব্যবহার করে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বিয়ে করে বসবাস শুরু করেন। ইতোমধ্যে তিনি চুয়াডাঙ্গার আদালতপাড়াসহ বিভিন্ন স্থানে নিজের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া শুরু করেছেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার এক ভুক্তভোগী তার বিরুদ্ধে চুয়াডাঙ্গার আদালতে মামলা করতে এসে আদালত চত্বরেই সাগর আহম্মেদের দেখা পেয়ে তাকে আটক করে আইনজীবী সমিতিতে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত সাগর আহম্মেদ নিজের দোষ স্বীকার করেছেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্ত সাগর আহম্মেদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
