রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ঢাবির কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সক্রিয় করার অপতৎপরতায় জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৩১  শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বুধবার (৪ আগস্ট) ঢাবির জনসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এবিষয়ে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের অপতৎপরতা সংক্রান্ত একটি সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ  করছে। তারা মনে করছেন এ ধরনের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, বিচারিক প্রক্রিয়া ও সুস্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। এ ধরনের তৎপরতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, বিভ্রান্তির সৃষ্টি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাংবিধানিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড অশিক্ষকসুলভ ও নৈতিক স্খলনজনিত অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স ও রেগুলেশন চ্যাপ্টার ২০ এর বিধি ১৩(২) অনুযায়ী, এই ধরনের অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ ও চাকরি থেকে বরখাস্তের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সে অনুযায়ী যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত এই বিধি-বিধান এবং দেশের বিদ্যমান আইন অনুযায়ী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান, আইন, বিচারিক সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদার পরিপন্থি কোনো কর্মকাণ্ডের প্রতি বিশ্ববিদ্যালয়ের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘনকারী কোনো ব্যক্তি, তার পরিচয় বা অবস্থান নির্বিশেষে দায় এড়াতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সচেষ্ট থাকার আহ্বানের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত