হাতিয়া

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত কর্মীর জরিমানা-বেত্রাঘাত

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

নোয়াখালীর হাতিয়ার হরণি ইউনিয়নে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হেলাল উদ্দিন নামক এক জামায়াত কর্মীর বিরুদ্ধে। এঘটনায় গ্রাম্য সালিসে তাকে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৫ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ৩ আগস্ট সকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হেলাল উদ্দিন ওই ইউনিয়নের মৃত বেলায়েত খলিফার ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক।

স্থানীয়দের দাবি, স্থানীয় যুবলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয়রা জানায়, ৩ আগস্ট সকালে শিশুটি পাশের একটি দোকান থেকে জিরা মশলা কিনে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসক হেলাল উদ্দিন শিশুটিকে তার দোকানে ডেকে নেন। এরপর দোকানঘরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত দোকানঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই দিন বিকেলে স্থানীয়ভাবে একটি গ্রাম্য সালিস বসে।

গ্রাম্য সালিসে উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, শিশুর পরিবারের অনুরোধে সালিশের আয়োজন করা হয়। সালিশে ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়নি। তবে শিশুকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগের ভিত্তিতে উপস্থিত সব সালিশদারদের সম্মতিতে হেলাল উদ্দিনকে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, আমি এ ধরনের কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

হরণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, এ ধরনের ঘটনার বিচার গ্রাম্য সালিসে বা ইউনিয়ন পরিষদে করার কোনো আইনগত এখতিয়ার নেই। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করতে চাইলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, হরণি ইউনিয়ন হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সব ঘটনা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না।  বৃহস্পতিবার বিষয়টি জানা গেলেও এখনও থানায় কেউ অভিযোগ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত