প্রায় ৮৯২ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু!

ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী এখন আলিয়া!

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

সাম্প্রতিক সময়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কয়েকটি সিনেমা আশানুরূপ সাফল্য না পেলেও জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি তার। বরং ব্র্যান্ড ভ্যালুর নিরিখে তিনি এখন দেশের সবচেয়ে দামি অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ এমনই তথ্য উঠে এসেছে। 

রিপোর্ট অনুযায়ী, আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৯৩.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। এই নিয়ে তিনি তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন এবং মহিলা তারকাদের মধ্যে প্রথম। এমনকি ব্র্যান্ড ভ্যালুর নিরিখে তিনি নিজের স্বামী রণবীর কাপুরকেও পিছনে ফেলেছেন। রণবীরের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮০ মিলিয়ন ডলার (প্রায় ৭৬১ কোটি টাকা) এবং তিনি রয়েছেন দশম স্থানে। 

মহিলা তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮৯.২ মিলিয়ন ডলার বা প্রায় ৮৪৯ কোটি টাকা। এরপরেই রয়েছেন রশ্মিকা মন্দানা। তাঁর ব্র্যান্ড ভ্যালু প্রায় ৭৫.২ মিলিয়ন ডলার (প্রায় ৭১৬ কোটি টাকা)। দক্ষিণী ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ফলে রশ্মিকার জনপ্রিয়তা আরও বেড়েছে। এছাড়া কারিনা কাপুর খান রয়েছেন ১৫ নম্বরে, কিয়ারা আদভানি ১৭ নম্বরে, কৃতি শ্যানন ১৮ নম্বরে, অনন্যা পাণ্ডে ১৯ নম্বরে এবং জাহ্নবী কাপুর ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। 

রিপোর্টে বলা হয়েছে, এখন আর শুধু সিনেমার সাফল্যের উপর কোনও তারকার ব্র্যান্ড ভ্যালু নির্ভর করে না। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা, বড় বড় সংস্থার বিজ্ঞাপনে কাজ, আন্তর্জাতিক পরিচিতি এবং নিজস্ব ব্যবসাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ, নিজস্ব উদ্যোগ এবং সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা তাঁর ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৮ কোটিরও বেশি। 

রিপোর্টে আরও জানানো হয়েছে, এখন তারকাদের সঙ্গে ব্র্যান্ডের বেশিরভাগ প্রচারই ডিজিটাল মাধ্যমে হচ্ছে। পাশাপাশি অনেক তারকাই শুধু বিজ্ঞাপন নয়, নিজস্ব ব্যবসা, বিনিয়োগ এবং AI থেকেও আয় করছেন। ফলে তাদের বাণিজ্যিক মূল্য আগের তুলনায় আরও অনেক বেশি বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত