আলিয়াকে নিয়ে ধোঁয়াশায় ‘কল্কি ২’

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

২০২৪ সালে মুক্তির পর ভারতজুড়ে আলোড়ন তোলা বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়াল নিয়ে কাটছে না ধোঁয়াশা।  শোনা যাচ্ছে, দীপিকা সরে যাওয়ার পর নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি দ্বিতীয় কিস্তিতে আলিয়া ভাট যোগ দিচ্ছেন। 

নেটিজেনদের একাংশের দাবি, দীপিকা পাড়ুকোনের ‘সুমতি’ চরিত্রের বিকল্প হিসেবে আলিয়াকে দেখা যাবে। আবার অনেকের মতে, ‘আলফা’ গার্ল আসছেন সম্পূর্ণ নতুন কোনো চরিত্রে। এমনকি বিনোদনভিত্তিক বেশ কিছু ওয়েবসাইট দাবি করেছে যে, আলিয়া এরই মধ্যে হায়দরাবাদে সিনেমাটির কিছু অংশের শুটিংও শেষ করেছেন। 

তবে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এই মুখরোচক দাবির কোনো সত্যতা নেই। সিনেমা সংশ্লিষ্ট এক প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, আলিয়া এই সিক্যুয়েলের জন্য কোনো শুটিং করেননি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভিত্তিহীন পোস্ট থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। এখন পর্যন্ত আলিয়া ভাট কিংবা ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ—কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

এই গুঞ্জনের আবহ তৈরি হওয়ার মূল কারণ গত বছরের সেপ্টেম্বর মাসে দীপিকা পাড়ুকোনের এই ফ্র্যাঞ্চাইজি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানো। প্রথম কিস্তিতে দারুণ অভিনয়ের পর পারস্পরিক সমঝোতার মাধ্যমেই দীপিকা সিক্যুয়েলে না থাকার সিদ্ধান্ত নেন। এরপর ‘সুমতি’ চরিত্রের জন্য দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর নাম শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। 

বর্তমানে অমিতাভ বচ্চন ও কামাল হাসান এই বিগ বাজেটের সিনেমার শুটিং শুরু করলেও সুপারস্টার প্রভাস এখনো সেটে যোগ দেননি। তাই আপাতত আলিয়া ভাটের ‘কল্কি’র দুনিয়ায় পা রাখার খবরটি কেবলই রটনা, চূড়ান্ত সত্য জানতে ভক্তদের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত