হাসান-তাসকিনদের দুর্দান্ত বোলিংয়ের পরও সিএ ৩৫৫

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

বাংলাদেশ পেস আক্রমণ শুরুতেই ধস নামিয়েছিল  ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের টপ অর্ডার। পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের গতি ও সুইংয়ের তোপে মাত্র ১ রানে ২ উইকেট এবং একপর্যায়ে ১৩৯ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল স্বাগতিকরা।

তবে সেই কঠিন চাপ সামলে টিগ উইলির দুর্দান্ত সেঞ্চুরি  ও জেক ডোরানের হাফ-সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৫৫ রান তুলেছে স্বাগতিকরা। বাংলাদেশের ২৬৩ রানের জবাবে তিন দিনের ম্যাচে ৯২ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছে সিএ একাদশ।

শুরুতেই হাসান-তাসকিনের যৌথ আক্রমণ

বাংলাদেশের ব্যাটিংয়ের জবাবে ইনিংসের শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে সিএ একাদশ। প্রথম দিনের শেষ বিকেলে দুর্দান্ত স্পেল করেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।ইনিংসের দ্বিতীয় ওভারেই (১.১ ওভার) স্যাম কনস্টাসকে (১) অমিত হাসানের ক্যাচে পরিণত করে ধাক্কা দেন হাসান মাহমুদ। ঠিক পরের ওভারেই (২.৩ ওভার) ক্যাম্পবেল ক্যালোওয়েকে (০) চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ।

প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করলেও ২৪ রান করা জশ ফিলিপ ও ফিফটি করা অধিনায়ক কার্টিস প্যাটারসনকে (৫৩) বোল্ড করে স্বাগতিকদের আরও চাপে ফেলে দেন হাসান মাহমুদ।

১৩৯ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশ যখন ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই শক্ত প্রতিরোধ গড়ে তোলেন টিগ উইলি ও উইকেটকিপার ব্যাটার জেক ডোরান।

ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার মিলে যোগ করেন ১৬৭ রান, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় এবং সিএ একাদশকে লিডের দিকে এগিয়ে নিয়ে যায়।

১০টি চারে ৭৬ রান করা ডোরানকে আউট করে এই জুটি ভাঙেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তবে এক প্রান্ত ধরে রেখে ১৭৭ বলে ১৬টি চারে ১৩০ রানের অসাধারণ ইনিংস খেলেন টিগ উইলি।

শেষের দিকে জেক ডোরানের আউটের পর দ্রুত কিছু উইকেট পতন হলেও উইলির এই ইনিংসের ওপর ভর করেই ৮৭.২ ওভারে ৩৫৫ রান তোলে সিএ একাদশ এবং ৯২ রানের শক্ত লিড নিশ্চিত করে।

হাসান ১৯ ওভারে ৫ মেডেনসহ মাত্র ৪২ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। ইকোনমি রেট ছিল দুর্দান্ত (২.২১)। তাসকিনও ১৫ ওভারে ৫৬ রান দিয়ে পান ২ উইকেট

দ্বিতীয় ইনিংসের শুরুতেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

৯২ রান পিছিয়ে নিজের দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তৃতীয় ওভারে ক্যাম্পবেল থম্পসনের বলে ক্যাচ তুলে আউট হন ৬ রান করা সাদমান ইসলাম। পরে দিনের শেষ ওভারে থম্পসনের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মুমিনুল হক (৬)। ৫ ওভার ব্যাট করে ২ উইকেটে শান্তদের সংগ্রহ ১৯ রান। এতে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭৩ রানে এগিয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। 

সংক্ষেপে ১ম ইনিংসে বাংলাদেশের বোলিং

বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
হাসান মাহমুদ ১৯ ৪২ ২.২১
তাসকিন আহমেদ ১৫ ৫৬ ৩.৭৩
মেহেদী হাসান মিরাজ ২০ ৭৭ ৩.৮৫
খালেদ আহমেদ ১২.২ ৫১ ৪.১৩
এবাদত হোসেন ১৩ ৬৬ ৫.০৭
মুশফিক হাসান ৩৮ ৯.৫০
মুমিনুল হক ২০ ৫.০

 

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৩/১০ (মেহেদী ১০৯*, শান্ত ৩৭; রকচিওলি ৬/৮৩)

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ১ম ইনিংস: ৩৫৫/১০ (উইলি ১৩০, ডোরান ৭৬; হাসান ৪/৪২, তাসকিন ২/৫৬)

বাংলাদেশ ২য় ইনিংস*: ১৯/২ (তানজিদ ৭*, সাদমান ৬; থম্পসন ২/১০) 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত