যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার প্রায় ৪০ ঘণ্টা পর ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেশের পথে রওনা হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি রোম ত্যাগ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম।
তিনি বলেন, ‘ফ্লাইটটি ইনশাল্লাহ বাংলাদেশ টাইম বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে।’
বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
৮ ঘণ্টা ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সেটি ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে।
দীর্ঘ চেষ্টার পরও ত্রুটি না সারলে পরে ঢাকা থেকে যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দলকে উড়িয়ে নিয়ে যায় বিমান। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে তারা রোমের উদ্দেশে রওনা হন। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রোমে অবতরণ করে।
এরপর কারিগরি ত্রুটি সমাধান শেষে রাতে ফ্লাইটটিকে গ্রাউন্ডেড থেকে অপারেশন ঘোষণা করা হয়। ফ্লাইটটি অচল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন আড়াইশর যাত্রী।
যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জন যাত্রীকেই ৪০ ঘণ্টা সময়ের পুরোটাই বিমানবন্দরের লাউঞ্জে বসে কাটাতে হয়েছে।
বাকি যাত্রীদের মধ্যে যারা কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ছিলেন, বিমানের পক্ষ থেকে কেবল তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছিল।
