রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউএসসি কার্যালয়সংলগ্ন এলাকায় চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে এইদিন রাজশাহী জেলার বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক চারা বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে একটি টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই।”
আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরী, মাশরাফি জামান চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কর্মসূচির আহ্বায়ক ছিলেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।
