আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেছেন। আজ রবিবার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে এই জিয়ারত সম্পন্ন করেন।

কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এসময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশি উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে মাদরাসার প্রিন্সিপাল প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান।

আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমির। তিনি একইসঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও দারুল উলুম মুঈনুল ইসলামের হাটহাজারীর মহাপরিচালক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত