একটা ফোন কলেই মালদিনির 'স্বপ্ন শেষ হয়ে গেলো'

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম
ইতালিয়ান ফুটবলের নতুন ভবিষ্যৎ তৈরির দারুণ এক স্বপ্ন আঁকা হয়েছিল। দায়িত্বে ছিলেন কিংবদন্তি পাওলো মালদিনি ও লিওনার্দো। নতুন ইতালি জাতীয় দলের কোচ হওয়ার কথা ছিল পেপ গার্দিওলার মতো বিশ্বসেরা কৌশলী কিংবা আন্দ্রেয়া পিরলোর মতো তরুণদের। কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি জিওভানি মালাগোর একটিমাত্র সিদ্ধান্ত এবং ফোন কলে ভেস্তে গেল সবকিছু। ১৬ দিনের মাথায় চুক্তি স্বাক্ষরের আগেই জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেন পাওলো মালদিনি।

ইতালিয়ান সংবাদপত্র 'কোরিয়েরে দেল্লা সেরা'-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে এই নাটকীয় পটপরিবর্তনের গোপন সব তথ্য উন্মোচন করেছেন এসি মিলান ও ইতালির এই সাবেক অধিনায়ক।
 
সাক্ষাৎকারে মালদিনি জানান, নতুন কৌশলে ইতালিকে আক্রমণাত্মক ফুটবলে ফেরাতে তাদের প্রথম পছন্দ ছিলেন পেপ গার্দিওলা।

'আমরা বার্সেলোনায় গিয়ে পেপের সাথে দেখা করি, একসাথে মধ্যাহ্নভোজ সারি এবং পুরো একটি দিন ফুটবল নিয়ে আলোচনা করি। গার্দিওলা ইতালির দায়িত্ব নিতে প্রচণ্ড আগ্রহী ছিলেন। এমনকি তিনি কাগজের পাতায় দলের শুরুর একাদশ কেমন হতে পারে, তা আঁকাও শুরু করে দিয়েছিলেন! বেতনের ২০ মিলিয়ন ইউরো কোনো বিষয়ই ছিল না। পেপ আমাদের স্পষ্ট বলেছিলেন—'আগের কোচ যা পেতেন, আমাকে তার চেয়ে ১ ইউরো কম দিলেও কোনো সমস্যা নেই।'কিন্তু প্রিমিয়ার লিগে টানা ১০ বছর কোচিং করানোর ক্লান্তি এবং পিঠের অস্ত্রোপচারের কারণে শেষ পর্যন্ত তিনি কিছুটা বিশ্রামের সিদ্ধান্ত নেন', জানান মালদিনি। 
 
গার্দিওলা রাজি না হওয়ায় এবং কার্লো আনচেলত্তি ব্রাজিলের চুক্তিতে থাকায় মালদিনি ও লিওনার্দো জুটির পরবর্তী পছন্দ ছিলেন তাদের বিশ্বকাপজয়ী সতীর্থ আন্দ্রেয়া পিরলো। কিন্তু ঠিক এই জায়গাতেই বাঁধে গোলমাল।  সভাপতি মালাগোর সাথে চুক্তি ছিল—টেকনিক্যাল বিষয় ও কোচ বাছাই করবেন মালদিনি, আর সভাপতি শুধু তাতে চূড়ান্ত সই করবেন। কিন্তু হুট করেই রাজনৈতিক চাপ ও রাশিয়ান একটি বেটিং কোম্পানির সাথে পিরলোর বাণিজ্যিক চুক্তির অজুহাত তুলে বেঁকে বসেন মালাগো।

মালদিনি আক্ষেপ করে বলেন, "পিরলো সেই বেটিং কোম্পানির সাথে চুক্তি বাতিল করতে চেয়েছিল। তা ছাড়া আইনি কোনো বাধা ছিল না। পিরলোকে বাদ দেওয়ার জন্য এটাকে একটা উসিলা হিসেবে ব্যবহার করা হয়েছিল।" পরিস্থিতি মোড় নেয় যখন প্রেসিডেন্ট মালাগী সরাসরি ফোন করে চুক্তির শর্ত বদলে দেওয়ার ঘোষণা দেন।

মালদিনি জানান,  "মালাগো আমাকে ও লিওনার্দোকে ফোন করে বললেন—'আমার মনে হয় পিরলোকে আর নেওয়া সম্ভব নয়। আজ থেকে আমি ঠিক করব জাতীয় দলের কোচ কে হবেন। এখন থেকে নিয়ম বদলে গেল: কোচ আমি ঠিক করব, আর আপনারা শুধু তাতে অনুমোদন দেবেন।' কিন্তু আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তবে তা সততার সাথে পালন করা আমার কর্তব্য। এটি একেবারেই গ্রহণযোগ্য ছিল না। আমরা ২৪ ঘণ্টা সময় নিলাম এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলাম।"
 
দীর্ঘ আট থেকে দশ বছরের একটি মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন মালদিনি। তার মতে, ইতালিয়ান ফুটবলে এখন আর প্রতিভা তৈরি হচ্ছে না, ক্লাবগুলোতে বয়সভিত্তিক পর্যায়ে শুধুমাত্র 'টাকটিক্স' বা কৌশল শেখানো হয়, যার ফলে ব্যক্তিগত ড্রিবলিং ও আক্রমণাত্মক মানসিকতা হারিয়ে যাচ্ছে।

ইতালির তরুণ প্রজন্মের ফুটবলের জন্য কাজ করার স্বপ্ন পূরণ না হওয়ার গভীর আক্ষেপ নিয়ে মালদিনি বলেন, "পরবর্তী প্রজন্মের জন্য প্রতিযোগিতামূলক ইতালি গড়ে তোলার এক সুন্দর স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু একটি অসমাপ্ত সুন্দর স্বপ্ন হয়েই তা থেকে গেল।"
×
সর্বশেষ সর্বাধিক পঠিত