রাজউক উত্তরা মডেল কলেজে শতভাগ পাস

প্রতিষ্ঠানটিতে সর্বমোট জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে ৭৪.৩১ শতাংশ।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯০৭ জনের মধ্যে শতভাগ পাস করে নিজেদের অনন্য ও ধারাবাহিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে আলোচনার শীর্ষে রয়েছে । শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সিংহভাগ শিক্ষার্থী অর্জন করেছে সর্বোচ্চ ফল জিপিএ-৫।

এ বছর সারাদেশে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসমূহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। সারাদেশ জুড়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। সার্বিক ফলাফলে সারাদেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে।

জাতীয় পর্যায়ের শীর্ষ অবস্থান সুদৃঢ় রেখেছে রাজউক উত্তরা মডেল কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজ থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে সর্বমোট ৯০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সবাই সাফল্য অর্জন করায় পাসের হার ১০০% বজায় রয়েছে।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ৬১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা বিজ্ঞান বিভাগে ৮৯.২১ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৬২ জন জিপিএ-৫ অর্জন করে। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার ২৮.০৫ শতাংশ। দুটি বিভাগ মিলিয়ে মোট ৯০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭৪ জন সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটিতে সর্বমোট জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে ৭৪.৩১ শতাংশ।

এর আগে, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে ৮২৭ জনের মধ্যে ৯৯ দশমিক ৮৮ শতাংশ উত্তীর্ণ ও ৮৮ দশমিক ৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত