বিপিএল জয়ী লেগস্পিনার আবার নেপালের নেতৃত্বে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

মাঠের বাইরের নানা চড়াই-উতরাই ও আইনি লড়াই পেরিয়ে অবশেষে নেপাল ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন তারকা লেগ স্পিনার সন্দীপ লামিছানে। দেশটির সফলতম অধিনায়ক রোহিত পাউডেলের স্থলাভিষিক্ত হয়ে খুব দ্রুতই মাঠে নামছেন এই অভিজ্ঞ স্পিনার। আগামী ৩০ আগস্ট থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া এসিসি মেন’স প্রিমিয়ার কাপ দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফায় নেপালের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব শুরু করবেন তিনি।

নেপাল ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণার পাশাপাশি নেতৃত্বে এই বড় পরিবর্তনের কথা জানায়।

এর আগে ২০২২ সালে প্রথম দফায় অধিনায়ক থাকাকালীন ধর্ষণের অভিযোগের আইনি জটিলতার কারণে তার নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আদালত থেকে খালাস পেলেও নানা কারণে তাকে নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে সব বিতর্ক পেছনে ফেলে মাঠে নিজের দুর্দান্ত পারফরম্যান্স ও অভিজ্ঞতা দিয়েই আবারও জাতীয় দলের নেতৃত্ব পুনরুদ্ধার করলেন তিনি।

এদিকে নেতৃত্ব হারালেও ২৩ বছর বয়সী সাবেক অধিনায়ক রোহিত দলে নিজের জায়গা ধরে রেখেছেন। রোহিতের নেতৃত্বে ৬৩টি ওয়ানডের মধ্যে ৩১টিতে জয় পেয়েছিল নেপাল।

অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ডসহ ৭৭ ম্যাচে ১৫৪ উইকেটের মালিক লামিছানে বর্তমানে নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়। টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৪২। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, বপিএলসহসহ বিশ্বের নামী-দামী ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো এই লেগ স্পিনারের ওপর ভর করেই এখন ঘুরে দাঁড়াতে চায় নেপাল দল। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত