মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। একই মামলায় জামিন বাতিল করে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। একই সঙ্গে মামলাটির আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জামিন বাতিল হয়ে কারাগারে যাওয়া বাকি চার আসামি হলেন আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা দুদকের তদন্তে উঠে আসে’।
জানা গেছে, মঙ্গলবার মামলার যুক্তিতর্ক শুনানি হয়। আদালত ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে। ২০১২ সালের সেপ্টেম্বরে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালের নভেম্বর মাসে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়িঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।