রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় এ সভা শুরু হয়।
জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এই নির্বাচনের মনোনয়নপত্র জমার দুই দিন আগে সার্বিক প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের এ সভা হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্ততি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা হচ্ছে।
ভোটকে সামনে রেখে নানা ধরনের কাজ রয়েছে। সংসদ কক্ষে ভোট হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা থাকে বলেও জানিয়েছেন তিনি।
মনির হোসেন বলেন, এতে সংসদ সচিবালয়ের সচিব থাকছেন। ইসি সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশ নিয়েছে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
একাধিক প্রার্থী হলে সংসদ কক্ষে ভোট হবে ২০ আগস্ট।
