কুড়িগ্রামে এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই ভাই

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে দুই ভাইয়ের এমন সাফল্যে আনন্দিত তাদের বাবা-মা, শিক্ষক ও স্বজনেরা।

তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা। তাদের বাবা মো. মোজাফফর হোসেন রিপন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক এবং মা শিরিনা পারভীন একজন শিক্ষিকা। যমজ দুই ভাই দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়াশোনা করে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

তাসিন ও তামিম জানায়, তারা ছোটবেলা থেকেই একই বিদ্যালয়ে পড়াশোনা করেছে। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বাবা-মা সব সময় তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। ভবিষ্যতে তারা নটর ডেম কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চায়। পড়াশোনা শেষ করে দুজনই প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।

তাদের মা শিরিনা পারভীন বলেন, দুই ছেলেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাদের ফলাফলে পরিবারের সবাই খুব খুশি। সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, ফলাফল বিপর্যয়ের মধ্যেও তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। যমজ দুই শিক্ষার্থী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তারা পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে ভালো করবে বলে আশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত