ভারতে সাজা শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি তরুণী

উচ্চ বেতনে বিউটি পার্লারে চাকরির স্বপ্নে ভারতে গিয়ে শেষ পর্যন্ত কাটাতে হলো জেলখানার চার দেয়াল; দীর্ঘ দু'বছর পর বিশেষ প্রক্রিয়ায় মাতৃভূমিতে ফিরলেন তিন তরুণী।

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে সাজা ভোগ করা তিন বাংলাদেশি তরুণী অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলেন- সাতক্ষীরার রিয়া খাতুন (২৫), নড়াইল জেলার শিল্পী খাতুন (২৬) এবং পাবনার শিমলা খাতুন (২৬)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রায় দুই বছর আগে বিউটি পার্লারে আকর্ষণীয় বেতনে কাজের প্রলোভন দেখিয়ে দালালেরা তাদের সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে পাচার করে। তারা মুম্বাইয়ের একটি পার্লারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়।

সাজার মেয়াদ শেষ হলে ভারতের একটি স্থানীয় মানবাধিকার সংস্থা তাদের নিজেদের দায়িত্বে একটি আশ্রয়কেন্দ্রে (শেল্টার হোম) রাখে। এরপর দুই দেশের দূতাবাসের প্রশাসনিক সহযোগিতা ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তিন তরুণীকে বেনাপোল পোর্ট থানায় সোঁপর্দ করা হয়েছে। সেখান থেকে বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের গ্রহণ করে স্বজনদের কাছে পৌঁছে দেবে।

সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, থানা থেকে তরুণীদের গ্রহণ করে বর্তমানে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত