চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম (অব.) মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
মোহাম্মদ রফিকুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
১৯৫২ সালে জন্ম নেওয়া মোহাম্মদ রফিকুল ইসলাম ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক প্রধান। তিনি ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।
সামরিক জীবন শেষে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার রাজনৈতিক ও কর্মজীবনে তিনি মতলবের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন।