ফুটবল কিংবদন্তি পেলের ঐতিহাসিক ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোমের। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভ্যালরি এফসির সঙ্গে তিন বছরের সফল অধ্যায় শেষের পর আমেরিকান এই ক্লাবে তার পা রাখার গুঞ্জন এখন দেশের ফুটবল পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ফুটবলের তৃতীয় স্তরে খেলা ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শমিত। তবে এখন পর্যন্ত খেলোয়াড় কিংবা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে গত জানুয়ারি মাসে কানাডিয়ান ক্লাব ক্যাভ্যালারি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই মিডফিল্ডার।
ফুটবল ইতিহাসের অন্যতম বরেণ্য নাম পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিরা সত্তরের দশকে নিউ ইয়র্ক কসমসের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন। ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলেছিলেন পেলে। সেই ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ক্লাবেই শমিতের যোগ দেওয়ার গুঞ্জন বাংলাদেশি ফুটবল সমর্থকদের মাঝেও বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পর গত বছর বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে লাল-সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন শমিত। গত বছরের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে তার অভিষেক হয়। এরপর হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হারের ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটিও পেয়ে যান এই প্রতিভাবান মিডফিল্ডার। এখন দেখার বিষয়, গুঞ্জন সত্যি করে পেলের ক্লাবে তার নতুন অধ্যায় শুরু হয় কি না।
বাংলাদেশকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন কামিন্স