নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার সীমান্ত রংছাতি ইউনিয়নের আমগড়া ও উল্লাপাড়া গ্রামের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমগড়া সার্বজনীন কবরস্থানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে আমগড়া ও নল্লাপাড়া গ্রামে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই গ্রামের মানুষের মাঝে কথা কাটাকাটি হয়। এরপর এই রেশ বাড়তে থাকে।
এক পর্যায়ে দুই গ্রামের মানুষ লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সস্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। জুম্মার নামাজ বাদ দিয়ে নারী পুরুষের সমন্বয়ে এই সংঘর্ষ চলে। ভাঙচুর করা হয় দুই গ্রামের বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা।
এ সময় দুই গ্রামের নারী পুরুষসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। ৫৬ জন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এক ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এম এস মাটি জানান, দুপুর একটা পর্যন্ত আমগড়া এলাকায় সংঘর্ষে ৫৬ জনে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে হাসপাতালে আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে।
আর কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪