আগামীকাল ১৫ আগস্ট। গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও আশপাশের এলাকায় পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া শহরের প্রবেশপথগুলোতেও নজরদারি জোরদার করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল ১৫ আগস্ট জেলার সার্বিক আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবি মোতায়েন থাকবে।
ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু, প্রথম ট্রেন পৌঁছাল গোপালগঞ্জে