১৪ গুণ দ্রুতগতির ‘আল্ট্রাফাস্ট’ মোড আনল ওপেনএআই

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

চ্যাটজিপিটির কাজের গতি আরও বাড়াতে ‘আল্ট্রাফাস্ট’ নামে নতুন একটি মোড চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই মোডে তাদের সর্বশেষ মডেল জিপিটি-৫.৬ সল স্বাভাবিক প্রসেসিংয়ের তুলনায় সর্বোচ্চ ১৪ গুণ দ্রুত কাজ করতে পারবে।

ওপেনএআই বলছে, আল্ট্রাফাস্ট মোডে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৭৫০টি আউটপুট টোকেন তৈরি করা যাবে। সহজভাবে বললে, ব্যবহারকারীর প্রশ্নের উত্তর বা কোনো কাজের ফলাফল আগের তুলনায় অনেক দ্রুত তৈরি করবে এই মোড।

এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, এতদিন খুব দ্রুত সময়ে ফল পেতে হলে সাধারণত ছোট আকারের বা নির্দিষ্ট কাজের জন্য তৈরি মডেল ব্যবহার করতে হতো। আল্ট্রাফাস্ট সেই ধারণায় পরিবর্তন আনতে পারে। লক্ষ্য হলো, কম সময়ে আরও বেশি কার্যকর কাজ সম্পন্ন করা।

এরই মধ্যে এআই খাতে দ্রুতগতির মডেল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও তাদের ক্লড মডেলের জন্য ‘ফাস্ট মোড’ চালু করেছে। তবে ওপেনএআইয়ের দাবি, আল্ট্রাফাস্ট যে গতি দিচ্ছে, তা এ ধরনের সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য।

নতুন এই মোড বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও তাৎক্ষণিক সেবার কাজে ব্যবহার করা যেতে পারে। ওপেনএআইয়ের মতে, সিস্টেমে সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া, গ্রাহকসেবা, আর্থিক বাজার বিশ্লেষণ এবং ই-কমার্সের মতো কাজে এটি কার্যকর হবে।

আল্ট্রাফাস্ট বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেরিব্রাসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই প্রযুক্তি পরিচালিত হচ্ছে। আপাতত সীমিতসংখ্যক গ্রাহক এই সুবিধা পাচ্ছেন। প্রযুক্তিটির সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত