রাজধানী হাজারীবাগের একটি বাসা থেকে লাইজু আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ বাড্ডানগর এলাকার একটি ছয়তলা বাড়ির ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাসার মালিক ইমরান হোসেন জানান, লাইজুর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজোলার ঝাটিবুনিয়া গ্রামে। বাবার নাম মো. মোস্তফা। তাদের বাসা হাজারীবাগ বাড্ডানগর পানিরট্যাংকি এলাকায়। লাইজু তাদের বাসায় ৭ বছর ধরে কাজ করে।
তিনি আরও জানান, শনিবার দুপুরে তারা খাবার খেয়ে যার যার রুমে চলে যান। বিকেল ৫টার দিকে ছোট বোন কোচিং থেকে ফিরে এসে লাইজুকে ডাকতে থাকে। এরপর তার রুমে গিয়ে দেখতে পায়, ফ্যানের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে লাইজু। পরে ডাকচিৎকার দিলে সবাই এসে ঝুলন্ত অবস্থা দেখে থানা পুলিশে খবর দেই। তবে কেন সে এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি তারা।
এদিকে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ বলেন, খবর পেয়ে হাজারীবাগের ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল।
তিনি আরও জানান, গৃহকর্তা ইমরানের বাড়ি একই এলাকায়। গ্রামেও তাদের বাসায় কাজ করত। লাইজুর বাবা মানসিক সমস্যা। লাইজুর মা গ্রামে অন্যের বাসায় কাজ করে। কিছুদিন যাবৎ লাইজু গ্রামের বাড়ি যাওয়ার জন্য বলছিল। তবে তার মা যেতে না করেন। এসব কারণে আত্মহত্যা করতে পারে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।