পুরান ঢাকায় থেতলে হত্যা, প্রধান আসামির জামিন স্থগিত 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

এক বছরের বেশি সময় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে থেতলে হত্যা মামলার প্রধান আসামি মাহমুদ হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর আসামি মহিনকে অন্তর্বতীকালীন (ছয় মাস) জামিনের আদেশ দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। পরে এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে প্রধান আসামি মহিন কারাগার থেকে মুক্তি পাবেন না।  ২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে, ইট, পাথর দিয়ে থেতলে লাল চাঁদকে হত্যা করা হয়। একপর্যায়ে তাঁর শরীরের ওপর উঠে হত্যাকারীদের লাফাতে দেখা যায়। নৃশংস এ হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনায় আসে। ঘটনার পরদিন সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ৮ ডিসেম্বর আদালতে ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তবে তদন্তে ত্রুটি আছে উল্লেখ করে পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। পুন:তদন্ত শেষে গত ১০ মে ২১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত