ফারহানা শারমিনের গল্পে ব্যঙ্গ নাটক ‘অনলাইন অফলাইন’

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

একসময় অপরাধ মানেই ছিল গোপনে পরিকল্পনা, রাতের অন্ধকার আর পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। এখন অপরাধের ধরন যেমন বদলেছে, তেমনি বদলেছে অপরাধী আর দর্শকের ভূমিকাও। বাস্তব জীবনের এমনই কিছু পরিবর্তনকে হাস্যরস, ব্যঙ্গ ও সার্কাজমের মোড়কে তুলে ধরা হয়েছে এক ঘণ্টার নাটক ‘অনলাইন অফলাইন’-এ।

ফারহানা শারমিনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়াদ বিন মাহবুব। দখিনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি সম্প্রতি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকের গল্পে অপরাধজগতের চরিত্র কালু। অপরাধের জগতে নেমেও একের পর এক ব্যর্থতায় পর্যুদস্ত কালু তার সাগরেদকে নিয়ে বর্তমান সময়ের অপরাধের ধরন নিয়ে ব্যঙ্গ-সার্কাজমে মেতে ওঠে। তাদের উপলব্ধি—সময় বদলেছে, বদলেছে অপরাধের ধরনও। একসময়কার ‘অফলাইন’ অপরাধ এখন আর আগের মতো সাফল্য এনে দেয় না। অন্যদিকে ‘অনলাইন’ জগতও কালুদের মতো ছোটখাটো অপরাধীদের নাগালের বাইরে। 

নাটকটি শুধু অপরাধের গল্পে সীমাবদ্ধ থাকেনি, বরং অনলাইন জগত কীভাবে মানুষের ব্যক্তিজীবন, পরিবার ও সামাজিক আচরণকে প্রভাবিত করছে, সেটিও হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছে। ভিউ ও ভাইরালের প্রতিযোগিতায় মানুষ কীভাবে নিজের স্বকীয়তা হারাচ্ছে, আর গুরুত্বপূর্ণ ও গুরুতর বিষয়গুলোও কীভাবে বিনোদনের উপকরণে পরিণত হচ্ছে—নাটকের গল্পে সেই বাস্তবতারও প্রতিফলন ঘটেছে।

নির্মাতা রিয়াদ বিন মাহবুব সমকালীন সমাজের পরিচিত অসংগতিগুলোকে সরাসরি উপদেশের ভাষায় না বলে হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরেছেন। ফলে অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যম ও মানুষের পরিবর্তিত আচরণের মতো গুরুতর বিষয়গুলোও নাটকে এসেছে বিনোদনের আবহে।

নাটকটিতে অভিনয় করেছেন ফরহাদ লিমন, কংকন দাশ, ইউনুস রানা, আবু তাহের সায়মন, সানজিদা আমিন, পিয়াল সরকার, সায়েম, অনিক বড়ুয়াসহ আরও অনেকে। ক্যামেরা ও সম্পাদনায় ছিলেন শাহীন স্বাধীন। সহকারী হিসেবে ছিলেন মাসুম।

সাম্প্রতিক সময়ে দখিনা প্রোডাকশন মানসম্মত ও রুচিশীল নাটক নির্মাণে গুরুত্ব দিচ্ছে। গল্পনির্ভর নির্মাণের পাশাপাশি সমকালীন সমাজ ও মানুষের আচরণকে বিনোদনের ভেতর দিয়ে তুলে ধরার সেই ধারাবাহিকতায় ‘অনলাইন অফলাইন’ও হয়ে উঠেছে তাদের ভিন্নধর্মী আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত